কৃষি গবেষণায় অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গবেষণা ছাড়া কোনো উন্নতি হয় না। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরই কৃষির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যার পরিপ্রেক্ষিতে ১৯৯৮ সালে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
বঙ্গবন্ধুকন্যা বলেন, কৃষিক্ষেত্রের উন্নয়ন জাতির পিতাই শুরু করেছিলেন। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর- সেটি বঙ্গবন্ধু উপলব্ধি করতেন বলে তিনি কৃষিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন।